দুই দেশ লাভ হতে বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতেয়াগা ওচোয়া ডে চিনচেত্রু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়ে বলেন, আমরা বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাড়াতে চাই।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, স্প্যানিশ বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগ করতে পারে। আমরা স্পেন থেকে আরও বিনিয়োগ দেখতে চাই।